আবাহনীকে রুখে দিল আরামবাগ
সম্ভাব্য নতুন কোচ দ্রাগো মামিচকে জয় উপহার দিতে পারেনি সানডে-লি টাক-জুয়েলরা। স্বাধীনতা কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী লিমিটেড।
অমলেশ সেনকে সরিয়ে মামিচের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া মোটামুটি নিশ্চিত করেছে আবাহনী। রোববার ক্রোয়েশিয়ান কোচ সকালে ঢাকায় পা রেখে দুপুরেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলে আসেন খেলা দেখতে।
মামিচের সামনে প্রথমার্ধের খেলায় আরামবাগের গোলমুখে বলার মতো কোনো আক্রমণেই যেতে পারেনি আবাহনী। উল্টো শেষ দিকে লি টাককে হারিয়ে দশ জনের দলে পরিণত হয় আবাহনী।
৪০তম মিনিটে বল দখলের লড়াইয়ে আবু সুফিয়ান সুফিলের সঙ্গে পেরে ওঠেননি লি টাক। মেজাজ হারিয়ে সুফিলকে আঘাত করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। শুরুতে হলুদ কার্ড দিলেও পরে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে লি টাককে লাল কার্ড দেন রেফারি।
তবে ১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধের গোছানো ফুটবল খেলতে থাকে আবাহনী। ৫৮তম মিনিটে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় তারা। বক্সের একটু ওপরে সানডে চিজোবা ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় দলটি; নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেয় দূরের পোস্ট।
ছয় মিনিট পর সুফিলের ব্যর্থতায় প্রতিআক্রমণের সেরা সুযোগ কাজে লাগানো হয়নি আরামবাগেরও। বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইউসুফের আড়াআড়ি ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও শট নিতে দেরি করেন সুফিল। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে সুফিলের পথ আগলানোর পর আবাহনীর এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে বল দ্রুত বিপদমুক্ত করেন।
শেষ পর্যন্ত আবাহনীকে আটকে রেখে পাঁচ ম্যাচে চতুর্থ ড্র নিয়ে স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো আরামবাগ। অন্যদিকে তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে আবাহনী।
