‘ইপিএলের সেরা স্ট্রাইকার আগুয়েরো’
সের্হিও আগুয়েরোকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সেরা স্ট্রাইকার বলে দাবি করেছেন তার ম্যানচেস্টার সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
আগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরে সিটি।
এই নিয়ে ইপিএলের চলতি মৌসুমে ২১ গোল করে এখন পর্যন্ত লেস্টার সিটির জেমি ভার্ডির সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ২২ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন।
এই নিয়ে টানা দুই মৌসুম লিগে ২০ বা তার বেশি গোল করলেন আগুয়েরো; আগের মৌসুমে ২৬ গোল করেছিলেন আতলেতিকো মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার।
আরও একটি ভালো মৌসুম গেলেও প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় আগুয়েরোর না থাকাটা পেল্লিগ্রিনির কাছে বিস্ময় হয়ে এসেছে।
“এটা খুব অদ্ভুত যে, সের্হিও এখানে অনেক বছর ধরে খেলছে এবং কখনোই প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়নি।”
আতলেতিকো মাদ্রিদ ছেড়ে ২০১১ সালে সিটিতে নাম লেখানোর পর ইংলিশ ক্লাবটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন আগুয়েরো।
