২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার হোঁচট কাজে লাগানোর অপেক্ষায় রিয়াল

বার্সেলোনা ফের হোঁচট খেলে তা কাজে লাগানোর জন্য নিজের দলকে প্রস্তুত থাকতে বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 05:45 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

লা লিগায় সবশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে বার্সেলোনা; বাকি ম্যাচটি ড্র করে সম্ভাব্য ৯ পয়েন্টে থেকে এক পয়েন্ট পেয়েছে লুইস এনরিকের দল।

কাতালান ক্লাবটির এই হোঁচট খুব ভালোভাবেই কাজে লাগিয়েছে রিয়াল। গত শনিবার গেতাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান একে নামিয়ে এনেছে স্পেনের সফলতম দলটি।

৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্পেনের রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৭৩ পয়েন্ট নিয়ে ততীয় স্থানে আছে আতলেতিকো।

জিদান বলেন, “আমি জানি না, বার্সেলোনা অথবা আতলেতিকো কখন হোঁচট খেতে পারে। আমরা তাদের খেলা দেখব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা নিজেরা যা করি।”

“আমরা আমাদের কাজ করছি। খেলোয়াড়রা জানে যে লা লিগা গুরুত্বপূর্ণ।”

গেতাফের বিপক্ষে শিষ্যদের খেলায় সন্তুষ্ট জিদান।

“আজ শুরু থেকে আমরা দেখিয়েছি, আমরা ভালো করতে চেয়েছি। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে সব খেলোয়াড়রা দারুণ পেশাদার একটি ম্যাচ খেলেছে।”

রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসও জিদানের সুরেই কথা বলেন।

“আমরা মৌসুম শেষের কাছে আছি। আমরা জানি, নিজেদের কাজ ভালোভাবে করলে দুটি শিরোপা (লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের সুযোগ নিয়ে শেষ পর্যন্ত যেতে পারব আমরা।”

পুরনো খবর:

গেতাফেকে উড়িয়ে বার্সার খুব কাছে রিয়াল