২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে বিশ্রাম দেবেন না জিদান

অনেক দিন ধরে অসাধারণ খেলে রিয়াল মাদ্রিদের ‘ডাবল’ জয়ের আশা জাগিয়ে তোলা ক্রিস্তিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়ার কোনো ইচ্ছা নেই কোচ জিনেদিন জিদানের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

গত মঙ্গলবার নিজেদের মাঠে অসাধারণ এক হ্যাটট্রিক করে শেষ আটের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তোলেন রোনালদো। জার্মানির ক্লাবটির মাঠে প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে হেরেছিল রিয়াল।

গত শনিবার লা লিগায় গেতাফের মাঠে রিয়ালের ৫-১ ব্যবধানের জয়ে করিম বেনজেমা, ইসকো, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেসের পাশাপাশি একটি গোল পান রোনালদো।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে একে নিয়ে এসেছে রিয়াল। ৩২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৬; আর এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। 

ভলফ্সবুর্গের বিপক্ষে বেনজেমাকে বদলি করেছিলেন জিদান। আর গেতাফের বিপক্ষে বদলি করেন বেল, বেনজেমা দুজনকেই।

ম্যাচ শেষে জিদান বলেন, “আমরা করিম ও গ্যারেথকে বিশ্রাম দিয়েছি। কিন্তু রোনালদোকে নয়। সে ভালো খেলছিল এবং তাকে বিশ্রাম দেওয়ার কারণ দেখিনি।”

গেতাফের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে খুশি জিদান।

“আমি তাদের নিয়ে খুব খুশি। কারণ, এটা খুব সহজ নয়।”

পুরনো খবর:

গেতাফেকে উড়িয়ে বার্সার খুব কাছে রিয়াল