২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের কাছে হেরে শিরোপা দৌড়ে পেছাল নাপোলি

ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে সেরি আর শিরোপা দৌড়ে আরও একটু পিছিয়ে পড়েছে নাপোলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 04:08 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই ইন্টারকে এগিয়ে দেন অধিনায়ক মাউরো ইকার্দি। চলতি মৌসুমে আর্জেন্টিনার স্ট্রাইকারের এটি পঞ্চদশ গোল।

৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ।

নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগের শীর্ষ গোলদাতা গনসালো হিগুয়াইনকে (৩০ গোল) ছাড়া এ ম্যাচ খেলতে নামা নাপোলির আক্রমণভাগ গোল শোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি।

লিগে এই নিয়ে সবশেষ খেলা তিন ম্যাচের দুটিতে হারা নাপোলি ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

১৯৯০ সালের পর আবার সেরি আর শিরোপা জয়ের স্বপ্ন দেখা দলটি শীর্ষে থাকা ইউভেন্তুসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে। এক ম্যাচ কম খেলে গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের পয়েন্ট ৭৬। 

৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলা এএস রোমা ৬৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।