২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সাকে চাপে রাখতে চান সিমেওনে

গ্রানাদাকে হারিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাকে চাপে রাখার সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে চান আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 12:27 PM

লা লিগায় সবশেষ দুই ম্যাচ হেরেছে বার্সেলোনা; তার আগের ম্যাচটি হয়েছে ড্র। বার্সেলোনার এই ফল আতলেতিকোকে অন্তত অল্প সময়ের জন্য হলেও পয়েন্টে কাতালান ক্লাবটিকে ছুঁয়ে ফেলার সুযোগ এনে দিয়েছে।

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৭৩। এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

আগামী রোববার নিজেদের মাঠে বাংলাদেশ সময় সোয়া দশটায় গ্রানাদার মুখোমুখি হবে আতলেতিকো। একই দিন বার্সেলোনা তাদের মাঠে ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।

আগের দিন সিমেওনে বলেন, “আমরা যে প্রভাব রাখতে পারি তা হলো গ্রানাদাকে হারানো।”

শিরোপা দৌড়ে থাকা সিমেওনে অতি উচ্ছ্বাসে ভেসে না গিয়ে শিষ্যদের গ্রানাদা ম্যাচে মনোযোগী হতে পরামর্শ দেন।

“আমি একেকটা করে দিন নিয়ে থাকি এবং দেখতে পাচ্ছি পরিস্থিতি অনেক বদলাচ্ছে। এর বেশি আমরা ভাবি না। কিন্তু দল শক্তিশালী এবং ভালো অবস্থায় আছে। হৃদয়, পা আর মাথা ব্যবহার করতে হবে আমাদের।”

গত বুধবার শেষ আটের দ্বিতীয় পর্বে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে আতলেতিকো। তবে ইউরোপের মঞ্চের এই সাফল্য দলের লিগ অভিযানে মনোযোগ ধরে রাখার ব্যাপারে প্রভাব ফেলবে না বলেই জানান সিমেওনে।

“আমরা সব সময় আমাদের মূল কাজ ঠিক রাখি, যেটা আমরা ২০১৪ সালেও করেছি (আতলেতিকো লা লিগা জিতেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল)। চ্যাম্পিয়ন্স লিগে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। কিন্তু এটা আমাদের মনোযোগ ঘুরিয়ে দেবে না। আমরা উন্নতিতে মনোযোগ দেব এবং আশা করছি, আগামীকাল ভালো একটি ম্যাচ খেলব।”