২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের মাঠে কষ্টে জিতল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে তলানির দল অ্যাস্টন ভিলাকে হারাতেও কষ্ট হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে লুইস ফন খালের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 10:29 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

এই জয়ের পর লিগের সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে খেলার আশা বাঁচিয়ে রাখল ইউনাইটেড। ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ফন খালের দল।

অন্যদিকে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে প্রথম বিভাগে নেমে যাওয়া নিশ্চিত হলো ভিলা। ৩৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে তারা। অবনমন অঞ্চলের ওপরে থাকা নরিচ সিটির (৩১) সঙ্গে তাদের ব্যবধান ১৫ পয়েন্টের। লিগের বাকি চার ম্যাচ জিতলেও তাই সুযোগ নেই ভিলার।

ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ম্যাচের ৩২তম মিনিটে মার্কাস রাসফোর্ডের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ডান দিক থেকে ভালেন্সিয়ার নীচু ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই উঠতি ফরোয়ার্ড। এই গোলই দলটির মূল্যবান ৩ পয়েন্ট এনে দেয় শেষ পর্যন্ত।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভিলা। কিন্তু ৮৪তম মিনিটে সতীর্থের কাট ব্যাক থেকে পাওয়া বলে রুডি গেস্তেডেরে প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক দাভিদ দি হেয়া। এরপর গেস্তেদের কর্নারও পোস্টে লেগে ফেরে।

যোগ করা সময়ে পোস্ট পথ আগলে দাঁড়ালে ব্যবধান বাড়িয়ে নেওয়া হয়নি ইউনাইটেডেরও। মেমফিস ডিপাইয়ের শট প্রতিপক্ষের গোলরক্ষকের হাত হয়ে পোস্টে লেগে ফেরে।