২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরি আতে এত গোল পেত না রোনালদো-মেসি’

ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসি লা লিগায় যত গোল পাচ্ছেন ইতালির সেরি আতে তত গোল পাওয়া কঠিন হতো বলেই মনে করেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 04:01 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো আর বার্সেলোনার মেসি তাদের যার যার ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

চলতি মৌসুমে ৩০ গোল নিয়ে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোলদাতা পর্তুগালের ফরোয়ার্ড রোনালদো। পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মেসির গোল তার চেয়ে ৮টি কম।     

আতলেতিকো মাদ্রিদে খেলার সময় এই দুই তারকা ফরোয়ার্ডেরই মুখোমুখি হওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্দা বলেন, “তারা উভয়েই অসাধারণ খেলোয়াড় এবং প্রত্যেক লিগেই হয়ত অনেক গোল করবে।”

“যাই হোক, ইতালিতে তারা স্পেনের মতো যখন তখন জালের সামনে আসতে পারত না। কারণ, এখানের দলগুলো ট্যাকটিকালি অনেক বেশি গোছানো।”

গত মৌসুম শেষে স্পেনের ক্লাব আতলেতিকো থেকে ইন্টার মিলানে নাম লেখান মিরান্দা। আতলেতিকোতে চার মৌসুম থাকার সময়ে একটি করে লা লিগা, ইউরোপা লিগ, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জেতেন তিনি।