ড্রয়ের বৃত্তেই আরামবাগ
ড্রয়ের বৃত্তেই আছে আরামাবাগ ক্রীড়া চক্র। স্বাধীনতা কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। হার দিয়ে স্বাধীনতা কাপ শুরু করা আরামবাগ এ নিয়ে চার ম্যাচে তৃতীয় ড্র করল; তিন ড্রয়ে পাওয়া ৩ পয়েন্ট পেয়েছে দলটি। অন্যদিকে এটি রহমতগঞ্জের প্রথম ড্র; একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট তাদের।
২০তম মিনিটে রহমতগঞ্জের ফরোয়ার্ড সিও জুনাপিও বাঁ দিক থেকে নেওয়া কোনাকুনি শট পোস্টে লেগে ফেরাটা প্রথমার্ধে উল্লেখ করার মতো আক্রমণ।
৬০তম মিনিটে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত হয় আরামবাগ। সাজ্জাদুজ্জামান পলাশের শট গোলরক্ষকে ফাঁকি দিলেও গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন।
দিনের প্রথম ম্যাচে আহমেদ কোলো মুসার হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই জয়ের পর চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে ওঠার দৌড়ে টিকে আছে প্রতিযোগিতাটির ২০০৫ সালের চ্যাম্পিয়নরা।
