২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয়ে ইউরোপা লিগের সেমিতে লিভারপুল

রোমাঞ্চকর লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে শেষ ২৫ মিনিটে বরুসিয়া ডর্টমুন্ডের জালে প্রয়োজনীয় তিন গোল করে ইউরোপা লিগের সেমি ফাইনালে উঠেছে লিভারপুল। নিজেদের মাঠে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে জার্মান ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 12:51 PM

Updated : 11 Oct 2022, 08:05 PM

জার্মানিতে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল। বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচের আয়ু যখন এক ঘণ্টা পেরিয়েছে, তখন ৩-১ গোলে এগিয়ে ডর্টমুন্ড। শেষ চারে উঠতে তখন লিভারপুলের প্রয়োজন ছিল তিন গোল। শেষ পর্যন্ত প্রায় অসম্ভবই সম্ভব করে দেখাল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।

ম্যাচের পঞ্চম মিনিটে ক্লপের সাবেক ক্লাবকে এগিয়ে দেন হেনরিখ মিখিতারিয়ান। চার মিনিট পরে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমরিক আউবামেয়াং। প্রথমার্ধে জার্মান দলটি কয়েকটি ভালো সুযোগ নষ্ট করায় ম্যাচে টিকে থাকে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন লিভাপুলের দিভোক ওরিগি। সমর্থকরা তখন আশায় বুক বাঁধেন। কিন্তু ৫৭তম মিনিটে ডর্টমুন্ডের মার্কো রয়েসের গোলে আবারও লিভারপুলের প্রয়োজন হয়ে দাঁড়ায় তিন গোল।

৬৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ফিলিপে কৌতিনিয়ো গোল করার পর ৭৭তম মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান মামাদু সাকো। অসাধারণ কিছু করার দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকরা।

যোগ করা সময়ে জেমস মিলনারের ক্রসে দেয়ান লভরেনের হেড লিভারপুলকে ঐতিহাসিক এই জয় এনে দেয়।

সেমি-ফাইনালের অন্য তিন দল স্পেনের সেভিয়া ও ভিয়ারিয়াল এবং ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।