২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর জন্য দুঃখিত গুয়ার্দিওলা

বেনফিকার সঙ্গে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পর ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য দুঃখ প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

গত মঙ্গলবার অসাধারণ এক হ্যাটট্রিক করে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে শেষ চারে তোলেন রোনালদো। সেই ম্যাচ শেষে পর্তুগালের তারকা ফরোয়ার্ড বলেছিলেন, সেমি-ফাইনালে তিনি নিজ দেশের বেনফিকাকে পেলেই খুশি হবেন।

বেনফিকার মাঠে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র করে বায়ার্ন। দুই পর্ব মিলে পর্তুগালের ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেয় গুয়ার্দিওলার দল। নিজেদের মাঠে প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল জার্মানির ক্লাবটি।

বেনফিকাকে হারিয়ে গুয়ার্দিওলা বলেন, “আমি জানি, ক্রিস্তিয়ানো রোনালদো সেমি-ফাইনালে বেনফিকাকে চেয়েছিল। তার জন্য আমি দুঃখিত।”

“এটা স্বাভাবিক যে পর্তুগালের মানুষ হিসেবে রোনালদো বেনফিকার সঙ্গেই খেলতে চাইবে।”

সেমি-ফাইনালে উঠতে পেরে বায়ার্ন মিউনিখের সবাই আনন্দিত বলে জানান গুয়ার্দিওলা। আর শেষ চারে তার দল যে কোনো দলের বিপক্ষে খেলতেই প্রস্তুত।

“ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার সম্ভাবনা আছে। একইভাবে রিয়াল (মাদ্রিদ) আর আতলেতিকো।”