২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরোয়ার্ডদের নৈপুণ্যে জয়রথে চট্টগ্রাম আবাহনী

জোড়া গোল করলেন লিওনেল সেইন্ট প্রিয়াক্স; এক গোল জাহিদ হোসেনের। গোল না পেলেও সতীর্থের দুই গোলে অবদান রাখলেন তকলিস আহমেদ। এই তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে স্বাধীনতা কাপে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম আবাহনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর জয়টি ৩-০ গোলের। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জোয়েল পাভলিকের দল। জয় দিয়ে শুরু করা ব্রাদার্সের টানা তিন হারে সেমি-ফাইনালে ওঠার আশা শেষ।

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার খেলতে নামা চট্টগ্রাম আবাহনী শুরু থেকেই গোছানো ফুটবল উপহার দেয়। তবে শুরুর দিকে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মেলেনি। চতুর্থ মিনিটে ব্রাদার্সের আউডু ইব্রাহিমের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে গেলে বেঁচে যায় বন্দর নগরীর দলটি।

২৬তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করেন চট্টগ্রাম আবাহনীর প্রিয়াক্স। মাঝমাঠ থেকে তারিক আল জানাবির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিলেও গোলরক্ষক পিরুজ্জামান পিরুকে পরাস্ত করতে পারেননি হাইতির এই ফরোয়ার্ড।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে চার মিনিট পর এগিয়ে যায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের গত আসরের চ্যাম্পিয়ন দলটি। তকলিসকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ব্রাদার্স গোলরক্ষক; এই ফরোয়ার্ডের মাপা ক্রসে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি প্রিয়াক্সের।

৩৫তম মিনিটে জাহিদের ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি চট্টগ্রাম আবাহনীর কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতেও ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ হেলায় হারান প্রিয়াক্স। বক্সের মধ্য থেকে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন হাইতির এই ফরোয়ার্ড।

তিন ফরোয়ার্ডের মিলিত প্রচেষ্টায় ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চট্টগ্রাম আবাহনী। জাহিদের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে চিপ করেন তকলিস; গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পোস্টের দিকে যাওয়া বল শেষ মুহূর্তে গোললাইন থেকে ফেরান কৃষ্ণ পদ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্রাদার্সের এই ডিফেন্ডারের শট পোস্টে লেগে বেরিয়ে আসার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন প্রিয়াক্স।

৭৩তম মিনিটে ব্রাদার্সের ইব্রাহিমের গতিময় শট বাইরের জাল কাঁপিয়ে দিলে ভুল করে গোল দিয়ে দেন রেফারি। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ডাগআউট ছেড়ে চট্টগ্রাম আবাহনীর কোচ, ম্যানেজার, স্টাফরা ঢুকে পড়েন মাঠে। রেফারিকে ধাক্কা দেওয়া, উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বাতিল হয় গোলটিও।

তিন মিনিট পর জাহিদের স্পট কিকে স্কোরলাইন ৩-০ করে নেয় চট্টগ্রাম আবাহনী। বক্সের মধ্যে মোহাম্মদ মনিরের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই তৃতীয় জয় তুলে নেয় পাভলিকের শিষ্যরা।