২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসি-আরামবাগ গোলশূন্য ড্র

বিজেএমসির তুলনায় গোলের সুযোগ বেশি তৈরি করেও জিততে পারেননি আরামবাগ ক্রীড়া চক্র। গোলশূন্য ড্রয়ে শেষ হয় দুই দলের স্বাধীনতা কাপের ‘বি’ গ্রুপে ম্যাচটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় খেলায় ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৩২তম মিনিটে আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকনের শট পোস্টে লেগে প্রতিহত হয়।
 
দ্বিতীয়ার্ধের শেষ দিকে আবু সুফিয়ান সুফিল দারুণ সুযোগ হেলায় হারালে আরামবাগের স্বাধীনতা কাপের চলতি আসরে প্রথম জয় পাওয়ার অপেক্ষা আরও বাড়ে। বাঁ দিক থেকে বল নিয়ে দ্রুত প্রতিপক্ষের বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের বাইরে মারেন এই ফরোয়ার্ড।
 
এ নিয়ে স্বাধীনতা কাপে চার ম্যাচে এক জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট বিজেএমসির। আর তিন ম্যাচে দ্বিতীয় ড্র আরামবাগের; শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা আরামবাগ আগের ম্যাচে ফেনী সকারের সঙ্গে ড্র করেছিল।
 
দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ২-১ গোলে হারে স্বাধীনতা কাপের মুকুট ধরে রাখার মিশনে নামা মোহামেডান স্পোর্টিং ক্লাব।