সান্তোসে ফেরার ব্যাপারে শর্ত আছে নেইমারের
ভবিষ্যতে নিজের সাবেক ক্লাব সান্তোসে ফেরার ইচ্ছা আছে নেইমারের। তবে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্বে থাকলে আর ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড।
২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানোর আগে সান্তোসের হয়ে তিন বার সাও পাওলোর শীর্ষ লিগের সঙ্গে একটি করে ব্রাজিলিয়ান কাপ ও লিবের্তাদোরেস কাপ জেতেন নেইমার।
তবে বার্সেলোনার সঙ্গে চুক্তির অর্থ সংক্রান্ত ঝামেলাটি স্পেনের আদালতে গড়ানোর পর থেকে সান্তোসের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় নেইমারের।
প্লেবয় সাময়িকীর ব্রাজিল সংস্করণে নেইমার বলেন, “আমি সেখান থেকে আসার সময় নিজের লকারে একটি বার্তা রেখে এসেছিলাম: আমি যাচ্ছি, কিন্তু আবার ফিরব।”
“কিন্তু এখন তাদের যে বোর্ড আছে তাতে আমার ফেরার ইচ্ছা নেই।”
২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে কর ফাঁকি দেওয়ার অভিযোগে ব্রাজিলের একটি আদালতের নির্দেশে ব্রাজিল অধিনায়ক নেইমারের সম্পদ জব্দ করা হয়েছিল। সান্তোস থেকে নেইমারের বার্সেলোনায় ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের বিষয় নিয়েও তদন্ত চলছে।
