২০৫০ সালের মধ্যে ফুটবল পরাশক্তি হওয়ার লক্ষ্য চীনের
২০৫০ সালের মধ্যে বিশ্বের সেরা দলগুলোর একটি হতে চায় চীন। আর এ লক্ষ্যে তিন ধাপের পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি।
দেশটির সরকারী গণমাধ্যম মঙ্গলবার জানায়, ম্যাচ-পাতানো কলঙ্ক আর বাজে পারফরম্যান্সের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া ফুটবলকে পুনরুজ্জীবিত করতে পরিকল্পনা করে যাচ্ছে দেশটি।
২০০৯ সাল থেকে সর্বত্র ফুটবল ছড়িয়ে দেওয়া আর অবৈধ বাজির সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে কাজ করছে চীন। ন্যাশনাল ডেভলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন ফুটবল নিয়ে দেশটির সবশেষ পরিকল্পনা প্রকাশ করে আর পিপলস ডেইলি তা নিয়ে সংবাদ ছাপে।
চীনের সবশেষ ফুটবল-পরিকল্পনা তিনটি ভাগে বিভক্ত। প্রথম পর্যায়ে ২০২০ সালের মধ্যে দেশের ৩ কোটি স্কুল ছাত্রকে ফুটবল খেলার মধ্যে রাখতে চায় তারা। আর দ্বিতীয় ভাগে তাদের পরিকল্পনা, জাতীয় পুরুষ ফুটবল দলকে ২০৩০ সালের মধ্যে এশিয়ার অন্যতম সেরা দল বানানো।
আর সব শেষে ২০৫০ সালের মধ্যে বিশ্ব ফুটবলে পরাশক্তি হতে যায় চীন।
চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ফুটবলের পাঁড় সমর্থক। এর আগে তিনি চীনের ফুটবল নিয়ে তিনটি ইচ্ছার কথা জানিয়েছিলেন; ২০০২ সালে একমাত্র বিশ্বকাপে খেলা দেশটিকে আরেকটি বিশ্বকাপের মূল পর্বে খেলতে দেখা, একটি বিশ্বকাপ আয়োজন করা এবং অবশেষে একটি বিশ্বকাপ জেতা।
ফিফা র্যাঙ্কিংয়ের ৮১তম স্থানে থাকা চীন গত মাসে কাতারকে হারিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের শেষ ধাপে পৌঁছেছে।
২০১৫ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে এশিয়ান কাপের শেষ আটে উঠেছিল চীন।
