২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারটনের ফুনেস মোরিকে অলিম্পিকে চায় আর্জেন্টিনা

অলিম্পিক গেমস ফুটবলের জন্য ডিফেন্ডার রামিরো ফুনেস মোরিকে ছাড়ার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনকে অনুরোধ করেছে আর্জেন্টিনা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 06:01 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুম শুরু হওয়ার কথা আগামী ১৩ অগাস্ট। আর ব্রাজিলের রিও দে জেনেইরোতে অলিম্পিকের আসরও বসবে অগাস্টে। 
 
অলিম্পিক গেমস ফুটবল আনুষ্ঠানিক কোনো ফিফা প্রতিযোগিতা নয় বলে এর জন্য কোনো খেলোয়াড়কে ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো। 
 
অলিম্পিক ফুটবলে কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে ২৩ বছরের বেশি বয়সী তিন জন খেলোয়াড় দলে নিতে পারেন। 
 
গত সোমবার আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো স্থানীয় একটি রেডিওকে বলেন, “আমরা গেমসের জন্য রামিরো ফুনেস মোরিকে নেওয়ার বিষয় ভাবছি। এভারটন আমাদের অনুরোধে সাড়া দেয় কিনা দেখতে হবে।”
 
আর্জেন্টিনা জাতীয় দলের রক্ষণে মার্তিনোর প্রথম পছন্দের সেন্ট্রাল ডিফেন্ডার ২৫ বছর বয়সী ফুনেস মোরি জুন মাসে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলবেন।  
 
মার্তিনো বলেন, “আশা করছি, আমরা তাকে দুটি প্রতিযোগিতাতেই পাব। আমরা এরই মধ্যে (এভারটন কোচ) রবের্তো মার্তিনেসের সঙ্গে কথা বলেছি এবং (তাকে পাওয়ার) সম্ভাবনা আছে।”
 
২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লন্ডনে ২০১২ অলিম্পিকের বাছাইপর্ব পার হতে ব্যর্থ হয়েছিল।