হিগুয়াইনকে ছাড়াই জিতল নাপোলি
তারকা ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনকে ছাড়াই সেরি আতে জয় পেয়েছে নাপোলি। নিজেদের মাঠে রোববার হেল্লাস ভেরোনাকে ৩-০ গোলে হারিয়েছে মাউরিৎসিও সার্রির দল।
হেড থেকে গোল করে ৩৩তম মিনিটে নাপোলিকে এগিয়ে দেন ইতালির স্ট্রাইকার মানোলো গাব্বিয়াদিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। ৭০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন স্পেনের ফরোয়ার্ড হোসে কায়েহন।
এই জয়ের পর ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৬ বেশি।
রোববার সেরি আর আরেক ম্যাচে এম্পোলির মাঠ থেকে ২-০ গোলে হেরে আসা ফিওরেন্তিনা ৩২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইন্টার মিলান। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা এএস রোমার পয়েন্ট ৬৩।
