২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ে ফিরেছে লিভারপুল

দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরেছে লিভারপুল। স্টোক সিটিকে সহজেই ৪-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 10:59 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

গত মাসে সাউথ্যাম্পটনের মাঠে হারের পর এ মাসের প্রথম ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল।

এই জয়ে ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। নবম স্থানে নেমে যাওয়া স্টোক সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৪৭।

স্টোক সিটির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই দলকে এগিয়ে দেন আলবের্তো মোরেনো। ২০ গজ দূর থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান স্পেনের এই ডিফেন্ডার।

২০১৪ সালের ডিসেম্বরের পর লিভারপুলের হয়ে মোরেনোর এটা প্রথম গোল।

শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি লিভারপুলের। ২১তম মিনিটে জেরদান শাকিরির ফ্রি-কিকে শেষমুহূর্তে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বোজান কিরকিচ।

৩২তম মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামা নাইজেরিয়ার বংশোদ্ভূত শেই ওজোর আড়াআড়ি ক্রসে কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ড্যানিয়েল স্টারিজ।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা লিভারপুল ১৫ মিনিটের ব্যবধানে দিভোক ওরিগির জোড়া গোলে জয় নিশ্চিত করে ফেলে।

দ্বিতীয়ার্ধে বদলি নামা বেলজিয়ামের এই ফরোয়ার্ড ৫০তম মিনিটে হেডে প্রথম গোলটি করেন। আর ৬৫তম মিনিটে বাঁ-দিকে এক জনের বাধা এড়িয়ে উঁচু কোনাকুনি শটে বল জালে জড়ান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দিনের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজুবত করেছে লেস্টার সিটি।