নেইমারের প্রশংসায় মনোযোগ টলছে না পগবার
নেইমারের প্রশংসায় খুশি হলেও আপাতত ইউভেন্তুসের হয়ে সেরি আর শিরোপা জেতাতেই মনোযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, বার্সেলোনা পগবাকে পেতে আগ্রহী। এর মধ্যেই এই সপ্তাহে ক্লাবটির তারকা ফরোয়ার্ড নেইমার জানান, পগবার সঙ্গে খেলার সুযোগ পেলে খুশি হবেন তিনি।
গত শনিবার এসি মিলানের মাঠে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পাওয়া ইউভেন্তুসের জয়সূচক গোলটি করেন পগবা।
গাজেত্তা দেল্লো স্পোর্তকে ফরাসি এই মিডফিল্ডার বলেন, “একজন তারকা খেলোয়াড় আমার দক্ষতার প্রশংসা করেছে শোনাটা দারুণ। কিন্তু আমি ইউভেন্তুসে সুখে আছি। আমার পুরো মনোযোগ স্কুদেত্তো (সেরি আ শিরোপা) জয়ে।”
“যদিও ট্রান্সফার নিয়ে অনেক কথা হচ্ছে, তবুও এটাতেই মনোযোগ আমার। আমার মনে একমাত্র এটাই আছে।”
