আগুয়েরো-নাসরির গোলে সিটির স্বস্তির জয়
চোটের কারণে প্রায় সাত মাস বাইরে থাকার পর ফিরেই দলকে জয়ের আনন্দে ভাসালেন সামির নাসরি। এই ফরাসি মিডফিল্ডারের দ্বিতীয়ার্ধের জয়সূচক গোলেই ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
লিগে গত সাত ম্যাচের চারটিতেই হারা সিটি শনিবার নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে। ষষ্ঠ মিনিটে বেনিনের মিডফিল্ডার স্টেফানে সেসাগনন বক্সের ডান দিক থেকে জোরালো কোনাকুনি শটে গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করেন।
অল্প সময় বাদেই অবশ্য সমতায় ফেরে সিটি। সপ্তদশ মিনিটে গোলদাতা সেসাগনন নিজেদের বক্সে প্রতিপক্ষের আলেকসান্দার কোলারভকে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। তা থেকেই এবারের লিগে নিজের ১৮তম গোলটি করেন সের্হিও আগুয়েরো।
৫৬তম মিনিটে এগিয়ে যেতে পারতো সিটি, কিন্তু আগুয়েরোর জোরালো দূরপাল্লার শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক।
১০ মিনিট বাদেই অবশ্য কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় স্বাগতিকরা; দলের প্রথম গোলদাতার শট রক্ষণে প্রতিহত হলেও ফিরতি বল পেয়ে যান সামির নাসরি। সহজেই দলকে এগিয়ে দেন গত সেপ্টেম্বরের পর প্রথম ম্যাচ খেলতে নামা এই মিডফিল্ডার।
বাকিটা সময় এই ব্যবধান ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে গত চার মৌসুমে দুবার শিরোপা জেতা সিটি। এই জয়ে চতুর্থ স্থানে থাকা দলটির পয়েন্ট বেড়ে হলো ৩২ ম্যাচে ৫৭।
দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র করে ফেরে আর্সেনাল। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার্স।
অন্য ম্যাচে সোয়ানসি সিটির মাঠে একমাত্র গোলে হেরে গেছে ৪৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে থাকা চেলসি।
