২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী গোলে শেখ জামালের জয়

দুই অর্ধে খেলার মাঝপথে একবার করে বিরতি দেওয়া হলেও প্রচণ্ড গরমে শেখ জামাল ধানমণ্ডি-উত্তর বারিধারা ক্লাবের ম্যাচটি জমেনি। তবে আত্মঘাতী গোলে স্বাধীনতা কাপে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 06:43 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে শেখ জামালের জয়টি ১-০ গোলের। উত্তর বারিধারার মুনির আলমের আত্মঘাতী গোলে জয় পায় শফিকুল ইসলাম মানিকের দল। অন্যদিকে এটি উত্তর বারিধারার টানা তৃতীয় হার।

মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিতে না পারায় শেখ জামালের আক্রমণে ছিল না সহজাত ধার। এমেকা ডারলিংটন, ওয়েডসেন আনসেলমে ও মোহাম্মদ শিহাব-তিন ফরোয়ার্ডও তাই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করতে পারেননি।

তার পরও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ২০তম মিনিটে উত্তর বারিধারার ডিফেন্ডার মুনিরের হেডে বল নিজেদের জালেই ঢুকে যায়। শেষ মুহূর্তে পাঞ্চ করার চেষ্টা করেও বলের নাগাল পাননি আগুয়ান গোলরক্ষক মোহাম্মদ এরশাদ।

চার মিনিট পর সমতায় ফেরার ভালো একটি সুযোগ হারায় চ্যাম্পিয়নশিপ লিগের সেরা হয়ে লিগে উঠে আসা উত্তর বারিধারা। খালেকুর জামান সবুজের ক্রস ছোট বক্সের একটু ওপর থেকে পোস্টের বাইরে মারেন মিডফিল্ডার সেন্টু চন্দ্র সেন।

৫৩তম মিনিটে সমতায় ফেরার আরেকটি সুযোগ নষ্ট করে উত্তর বারিধারা। এবার প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি দলটির ফরোয়ার্ড ফয়সাল আহমেদ শীতল।

ম্যাচ জুড়ে মলিন থাকা শেখ জামাল ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করে ৮৭তম মিনিটে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা হাইতির ফরোয়ার্ড ওয়েডসেনের শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফেরে। তবে ব্যবধান না বাড়লেও পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শফিকুল ইসলাম মানিকের দল।

তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে রয়েছে শেখ জামাল।