রিয়ালের ঘুরে দাঁড়ানোর মিশনে প্রতিপক্ষ এইবার
চ্যাম্পিয়ন্স লিগে ভলফ্সবুর্গের বিপক্ষে অঘটনের শিকার হওয়া রিয়াল মাদ্রিদ শিবিরে ঘুরে দাঁড়ানোর সংকল্প। আর এই মিশনে জিনেদিন জিদানের দলের সামনে প্রায় দুই মাস ধরে জয়হীন থাকা এইবার।
নিজেদের মাঠে আগামী শনিবার লা লিগার ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় খেলতে নামবে রিয়াল।
এ ম্যাচের আগে বড় একটি ধাক্কাই খেয়েছে রিয়াল; গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে ভলফ্সবুর্গের মাঠ থেকে ২-০ গোলে হেরে এসেছে তারা।
জার্মানির দলটির বিপক্ষে হারের পুরো দায় নিজের কাঁধে নিয়ে ঘুরে দাড়ানোর প্রত্যয়ের কথা বলেছিলেন রিয়ালের কোচ জিদান। দ্বিতীয় পর্বে ভালো করে সেমি-ফাইনালে উঠতে পারবেন বলেও আশা করেন তিনি। সেদিক থেকে এইবারের বিপক্ষে ম্যাচটি রিয়ালের জন্য আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় পর্বের লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার উপলক্ষ।
ফিকে হয়ে যাওয়া রিয়ালের লা লিগার শিরোপা-স্বপ্ন আবার জেগে উঠেছে গত শনিবার বার্সেলোনার বিপক্ষে জয়ে। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা এইবারকে হারিয়ে স্বপ্নটা টিকিয়ে রাখতে চাইবেন ক্রিস্তিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেলরা।
এইবারের বিপক্ষে জিতলে আতলিতেকো মাদ্রিদকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে যাবে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে হবে চার। তবে আতলেতিকো আর বার্সেলোনাও মাঠে নামবে আগামী শনিবার।
সব মিলিয়ে এইবার ম্যাচের আগে রোনালদো, বেল, বেনজেমারা উজ্জীবিতই আছেন বলে জানান জিদান।
“হারটিতে (ভলফ্সবুর্গের বিপক্ষে) তারা কষ্ট পেয়েছে। কারণ, কেউ হারতে চায় না। তবে তারা ঐক্যবদ্ধ।”
গত ১৫ ফেব্রুয়ারি সবশেষ জয়ের মুখ দেখা এইবারকে হারাতে খুব একটা বেগ পাওয়ারও কথা নয় রিয়ালের। নিজেদের সবশেষ ৭ ম্যাচের ৫টিতেই হেরেছে এইবার। বাকি দুটিতে করেছে ড্র।
