এশিয়ান কাপের প্লে-অফে তাজিকিস্তানকে পেলো বাংলাদেশ
২০১৯ সালের এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে বিশ্বকাপের বাছাইয়ের গ্রুপ প্রতিপক্ষ তাজিকিস্তানকেই পেয়েছে বাংলাদেশ। তবে মধ্য এশিয়ার এই দেশটির কাছে হারলেও সুযোগ থাকছে বাংলাদেশের। দ্বিতীয় প্লে অফের ড্রয়ে তারা পেয়েছে দুর্বল ভুটানকে।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে ‘বি’ গ্রুপে তাজিকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১-১ ড্র করলেও তাজিকিস্তানের মাঠে ৫-০ গোলে উড়ে যায় মামুনুলরা।
এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফে আগামী ২ জুন বিশকেকে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফরম্যাট অনুযায়ী বিশ্বকাপ বাছাইয়ে খেলা ৪০ দলের মধ্যে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে।
আর এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপগুলোর বাকি চার রানার্সআপ, তৃতীয় স্থানে থাকা আটটি দল ও সেরা চার চতুর্থ দল মিলিয়ে ১৬টি দেশ।
চতুর্থ হওয়া বাকি চার দল ও বিশ্বকাপ বাছাইয়ের আট গ্রুপের তলানিতে থাকা আট দল -এই ১২ দল নিয়ে হবে দুই রাউন্ডের প্লে-অফ। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নিষেধাজ্ঞা থাকায় ইন্দোনেশিয়া প্লে-অফে খেলতে পারবে না। ফলে ১১ দলের মধ্যে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট ও গোল ব্যবধান অনুযায়ী ওপরের দিকে থাকা ১০ দল নিয়ে হবে প্লে-অফের প্রথম রাউন্ড।
প্লে-অফের প্রথম রাউন্ডে জেতা ৫ দল যাবে এশিয়ান কাপের মূল বাছাই পর্বে। বাকি পাঁচ দল ও ১১ দলের মধ্যে সবার নিচে থাকা ভুটানকে নিয়ে হবে প্লে-অফের দ্বিতীয় রাউন্ড। এখান থেকে জয়ী তিন দল পাবে এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার টিকেট।
এএফসির ড্র অনুযায়ী প্লে-অফের প্রথম রাউন্ডে তাজিকিস্তানের কাছে হারলেও তাই বাছাই পর্বে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে ড্রয়ে পাওয়া বাংলাদেশের প্রতিপক্ষ ভুটানের বিপক্ষে দ্বিতীয় প্লে-অফে জিততে হবে জীবন-জুয়েলদের।
৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের সূচি দিয়েছে এএফসি।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়ান কাপের পরের আসর।
