মোহামেডানের কষ্টের জয়
স্বাধীনতা কাপের প্রথম জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে উত্তরা বারিধারাকে হারাতেও ঘাম ছুটে গেছে জসিমউদ্দিন জোসির শিষ্যদের।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে মোহামেডানের জয়টি ২-০ গোলের। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে একই ব্যবধানে হেরে স্বাধীনতা কাপ শুরু করে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি।
ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরে স্বাধীনতা কাপ শুরু করা উত্তরা বারিধারা এ ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। মোহামেডানকে চাপে রাখলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে মাহবুব আল মানিকের দলটি।
দশম মিনিটে বাঁ দিক থেকে আমিনুর রহমান সজীবের ক্রসে ইউসুফ সিফাত হেড করলেও প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফেরান। তবে বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি উত্তরা বারিধারার ডিফেন্ডাররা। দারুণ এক ভলিতে মোহামেডানকে এগিয়ে নেন মাশুক মিয়া জনি।
