২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ প্রমাণ হলে জেলে যেতেও রাজি সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন। এমনকি ১০ বছরের জন্য জেলে যেতেও প্রস্তুত সাবেক এই ফুটবলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 08:26 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

আগামী ৩০ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে কখনও প্রকাশ্যে, কখনও আড়ালে-আবডালে চলছে বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে বিরোধী পক্ষের সমালোচনা।

গত মাসে বাফুফের তিনটি আর্থিক বছরের রিপোর্ট নিয়ে হওয়া ইজিএমের সময় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনচার্জ লোকমান হোসেন ভুইয়ার নেতৃত্বে সাবেক কিছু ফুটবলার, কোচরা মিলিয়ে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বর্তমান কমিটির আর্থিক ‍দুর্নীতির অভিযোগ তোলেন।

ক’দিন আগে শেখ জামাল সভাপতি বাফুফের অসৎ কর্মকর্তাদের ঝাড়ুপেটা করে বিদায়ের কথাও বলেছেন। গত মঙ্গলবার ওই পক্ষ অভিযোগ নিয়ে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। বিসিবি সভাপতি অভিযোগ শোনার পর প্রতিশ্রুতি দিয়েছেন, বার্তাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার।

এই প্রেক্ষাপটে বুধবার সংবাদ সম্মেলন করে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন সালাউদ্দিন।

“কালকে একটা মহল থেকে বলা হয়েছে, আমি নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা একাউন্ট করেছি। একাউন্ট করে ওই অ্যাকাউন্ট থেকে এএফসি, ফিফা থেকে টাকা এনে নিজের কাজে ব্যবহার করি। তারা বলেছে, এটাই তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে চায়।.. যদি আপনারা কেউ আমার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশ ও বিদেশে বের করতে পারেন, যেখান থেকে এএফসি বা ফিফার টাকা ট্রান্সফার করেছি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। যদি ১০ বছরের জেল দেন, তাও মেনে নেব।”

এএফসি ও ফিফার টাকা বাংলাদেশ ব্যাংক হয়ে বাফুফের হাতে আসে এবং এর সব নথি থাকার কথা জানিয়ে অভিযোগকারীদের উদ্দেশে বাফুফে সভাপতি বলেন, “কিন্তু তারা যদি এটা প্রমাণ না করতে পারে, তাহলে তাদের ক্ষমা চাইতে হবে। তাদের বলব, খামাখা এ ধরনের কথা বলে বাংলাদেশের ফুটবলকে হেয় করবেন না।”

“এখানে আপনাদেরকে ছোট্ট একটি হিসাব দিয়ে দেই। লিগে খেলা দলগুলোকে বছরে আমরা ২৫ লাখ করে টাকা দেই; এখানে আমার আড়াই কোটি টাকা লাগে, রেফারিকে দেই ৬০-৭০ লাখ টাকা, মাঠ-টাঠ মিলে এএফসি-ফিফার দেওয়া চার কোটি টাকা পার হয়ে যায়। ২০-২২ লাখ টাকা মাসিক বেতন আছে, কোচের বেতন আছে। এ ধরনের কথা (অভিযোগ) বললে গায়ে লাগে।  কারণ ভোর বেলা থেকে আমরা ২১ জন লোক চেষ্টা করি কোথা থেকে ফান্ড এনে চলবে। তো এটা ভীষণ পীড়াদায়ক”, যোগ করেন তিনি।

সর্বশেষ ইজিএমে পাস হওয়া তিনটি আর্থিক বছরের প্রতিবেদন ‘সঠিক’ দাবি করে সালাউদ্দিন বলেন, “ফিফা দুই-এক বছর পর পরই হঠাৎ করে একেকটা দেশকে বেছে নিয়ে অডিট করে। অডিট ক্লিয়ার না হলে পরবর্তী পেমন্ট দেয় না। আজ থেকে মাস তিনেক আগে কেপিএফসি নামের একটা কোম্পানি আমাদের এখানে অডিট করতে পাঠিয়েছিল, তাদের লোকজন ২৩ দিন আমাদের অ্যাকাউন্ড ভিভিশনে অডিট করে অ্যাপ্রুভ করে লেটার দিয়েছে। এই দেখুন, এটা নিয়ে আমি পকেটে করে ঘুরছি। আপনি আমাকে চোর বলছেন, আমার আছে ফিফার অ্যাপ্রুভ লেটার এবং তারা আমাদেরকে পরবর্তী পেমেন্ট করে দিয়েছে।”

বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ করা সাবেক ফুটবলার ও কোচ গোলাম সরোয়ার টিপু ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুসহ আরও কয়েকজন সাবেক ফুটবলারের সমালোচনা করেন সালাউদ্দিন।

দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করলেও জাতীয় দলের ব্যর্থতা মাথা পেতে নিয়েছেন সালাউদ্দিন।

“ঢাকায় যখন আমরা তাজিকিস্তানের বিপক্ষে খেললাম, ড্র করলাম, তখন টিমের খেলা কিন্তু আপনাদের সুন্দর লেগেছে। গণ্ডগোল আরম্ভ হলো যখন প্লেয়ারদের ক্লিয়ারেন্স নিয়ে টানাহ্যাচড়া শুরু হলো। আজ পর্যন্ত আমি শুনিনি খেলার আগের দিন কোনো ক্লাব প্লেয়ারদের ক্যাম্প থেকে নিয়ে যেতে পারে। আমি মনে এটাই ফুটবল ইতিহাসে প্রথম। এটাও সহ্য করেছি। এটা আমার দুর্বলতা নয়, খেলাটির প্রতি ভালোবাসার জন্য, খেলাটাকে রক্ষা করার জন্য মেনে নিয়েছি।”

“অবশ্যই এখানে (জাতীয় দলে) ব্যর্থতাও আছে। জাতীয় দল খুবই খারাপ করেছে। এই দায়টা আমি নিচ্ছি। আমরা যেটা করব, আমরা যদি ফেরত আসতে পারি, তাহলে জাতীয় দলের কৌশল পরিবর্তন করব,” নির্বাচন সামনে রেখে এই প্রতিশ্রুতি দেন বাফুফের বর্তমান সভাপতি।

নির্বাচনের প্রতিপক্ষদের প্রতি সালাউদ্দিনের আহ্বান, “৩০ তারিখে আমাদের নির্বাচন। সবাইকে নির্বাচনে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসুন। ফিফা ও এএফসিকেও আমন্ত্রণ করেছি। যদি আপনারা যোগ্য হন, তাহলে ভোটাররা আপনাদের বেছে নেবে। আমি কোনো চ্যালেঞ্জ দিচ্ছি না, আমন্ত্রণ জানাচ্ছি।”