শীর্ষে থাকা লেস্টারের লক্ষ্য ছিল অবনমন এড়ানো!
গত মৌসুমে অবনমন থেকে বেঁচে যাওয়া লেস্টার সিটি এবার রয়েছে লিগ শিরোপা জয়ের পথে। অথচ শুরুতে অবনমন এড়ানোই লক্ষ্য ছিল বলে জানিয়েছেন ক্লাবটির কোচ ক্লাওদিও রানিয়েরি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচ শেষে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেস্টার। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার্সের পয়েন্ট সমান ম্যাচে ৬২।
যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট দ্য প্লেয়ার্স ট্রিবিউনে ৬৪ বছর বয়সী ইতালিয়ান কোচ রানিয়েরি বলেন, “৪০ পয়েন্ট। এটাই লক্ষ্য ছিল। আমাদের সমর্থকদের প্রিমিয়ার লিগ ফুটবলে আরেকটা মৌসুম দিতে এই পয়েন্টই প্রয়োজন ছিল।”
“তখন আমি স্বপ্ন দেখিনি যে, ৪ এপ্রিলের পত্রিকা খুলব আর ৬৯ পয়েন্ট নিয়ে লেস্টারকে শীর্ষে দেখব। গত বছর এই সময়ে ক্লাবটি ছিল পয়েন্ট তালিকার সবার নিচে। অবিশ্বাস্য।”
বাকি ৬ ম্যাচের চারটিতে জিতলেই প্রথমবারের মতো লিগ জয়ের স্বাদ পাবে লেস্টার। এরই মধ্যে দল যা অর্জন করেছে তাতেই অবশ্য খুশি রানিয়েরি।
“অন্য বড় দলগুলোর বিবেচনায় যে খেলোয়াড়দের খুব ছোট বা খুব ধীর মনে করা হতো, তাদের নামগুলো এখন সম্ভবত আপনি শুনে থাকবেন; জেমি ভার্ডি, ওয়েস মর্গ্যান, ড্যানি ড্রিঙ্কওয়াটার, রিয়াদ মাহরেজ।”
নিজের খেলোয়াড়দের প্রশংসায় ভাসান রানিয়েরি।
“আমি যখন প্রথম দিন অনুশীলনে আসি এবং এই খেলোয়াড়দের মান দেখি, তখনই আমি বুঝেছিলাম তারা কতটা ভালো হতে পারে। আমি জানতাম, আমাদের প্রিমিয়ার লিগে টিকে থাকার সুযোগ আছে।”
১৯ গোল করে এ মৌসুমে লিগে লেস্টারের সর্বোচ্চ গোলদাতা ভার্ডিকে বিশেষ প্রশংসায় ভাসান রানিয়েরি। অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে প্রিমিয়ার লিগে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন ভার্ডি।
“সে ফুটবলার নয়, দারুণ এক ঘোড়া।”
শেষ পর্যন্ত এই লড়াই-ই চালিয়ে যেতে চান রানিয়েরি।
“আমাদের ৬ ম্যাচ বাকি আছে এবং আমাদের মনপ্রাণ দিয়ে লড়াই করে যেতে হবে। ছোট একটা ক্লাব বিশ্বকে দেখাচ্ছে মনোবল আর প্রতিজ্ঞা দিয়ে কী অর্জন করা যায়। ২৬ জন খেলোয়াড়, ২৬টি ভিন্ন মস্তিস্ক; কিন্তু একাত্মা।”
