২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্প্রাণ খেলে হারল ফেনী সকার

স্বাধীনতা কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীকে রুখে দেওয়া ফেনী সকারের দেখা মেলেনি। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নিষ্প্রাণ খেলে রহমতগঞ্জের কাছে হেরেছে লাডি বাবা লোলার শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার রহমতগঞ্জের কাছে ফেনীর হারটি ৩-২ ব্যবধানের। স্বাধীনতা কাপের চলতি আসরে রহমতগঞ্জের এটি প্রথম জয়। টিম বিজেএমসির কাছে হেরে এ আসর শুরু করেছিল তারা।
 
শুরুর দিকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অবশ্য এগিয়ে যায় ফেনী সকার। একাদশ মিনিটে বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া আকবার হোসেন রিদনের বাড়ানো বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড এনটিম থুয়াম ফ্রাঙ্ক। ২৫তম মিনিটে সোহেল মিয়ার গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।
 
আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে আসা ফেনীর খেলায় দ্বিতীয়ার্ধেও ছিল না ধার। ৫৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও রহমতগঞ্জের ফরোয়ার্ড সিও জুনাপিও পোস্টের বাইরে মারলে বেঁচে যায় তারা। 
 
৬৪তম মিনিটে সোহেলের ভলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার দুই মিনিট পর এগিয়ে যায় রহমতগঞ্জ। মাঝমাঠের একটু ওপর থেকে প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লাগার পর বল পেয়ে যান নুরুল আবসার। ডান দিকে থেকে দ্রুত আক্রমণে যাওয়া এই ফরোয়ার্ডের নিখুঁত ক্রস থেকে পাওয়া বল মাপা ভলিতে ঠিকানায় পৌঁছে দেন জুনাপিও। 
 
৭২তম মিনিটে জুনাপিও নিজের দ্বিতীয় গোলটি করেন অদ্ভুতভাবে। বাঁ দিক থেকে ফেনীর আগুয়ান গোলরক্ষক ওসমান গনিকে কাটানোর পর ফাঁকা পোস্ট পেয়ে যান কঙ্গোর এই ফরোয়ার্ড। আয়েশী ভঙ্গিতে বল নিয়ে গোললাইনের কাছে গিয়ে শুয়ে পড়ে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
 
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফ্রাঙ্ক নিজের দ্বিতীয় গোল করলেও হার এড়াতে পারেনি ফেনী সকার।