২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ম্যাচ নিষিদ্ধ হিগুয়াইন

উদিনেজের বিপক্ষে লিগ ম্যাচে বহিষ্কৃত হওয়ার পর অখেলোয়াড়সুলভ আচরণ করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন গনসালো হিগুয়াইন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 09:22 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

গত রোববার উদিনেজের কাছে হেরে যাওয়া ম্যাচের ৭৫তম মিনিটে ফেলিপেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হিগুয়াইন। ওই সময় নাপোলি ৩-১ গোলে পিছিয়ে ছিল, এই স্কোরলাইনেই ম্যাচটি হারে তারা।

বহিষ্কৃত হওয়ার পর ক্ষোভের বশে রেফারি মাস্সিমিলিয়ানো ইরাত্তির গায়ে হাত রাখেন প্রথমার্ধে দলকে সমতায় ফেরানো একমাত্র গোল করা হিগুয়াইন। ফিরে যাওয়ার আগে সতীর্থদের সঙ্গে তর্কে জড়ান আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

এই আচরণের দায়ে মঙ্গলবার হিগুয়াইনকে সেরি আয় চার ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। আর্জেন্টিনার তারকা এই স্ট্রাইকারকে ২০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

ইতালির শীর্ষ লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩০ গোল করা হিগুয়াইন হেল্লাস ভেরোনা, ইন্টার মিলান, বোলোনিয়া ও রোমার বিপক্ষে খেলতে পারবেন না।

শিরোপা লড়াইয়ে ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস।