মামুনুলদের ছাড়াই স্বাধীনতা কাপে শুভসূচনা চট্টগ্রাম আবাহনীর
নির্ভরযোগ্য পাঁচ ফুটবলারকে ছাড়াই স্বাধীনতা কাপে শুভসূচনা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতাটির ২০০৫ সালের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়েছে বন্দর নগরীর দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর গোলদুটি করেন দুই বিদেশি ফুটবলার তারিক আল জানাবি ও ফাব্রিস নোয়েল।
আদালতের আদেশে শেখ জামাল থেকে আসা মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসানকে মাঠে নামাতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তবে ছোট ছোট পাসে খেলে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেয় তারা।
২২তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু পোস্টে বল মেরে তা নষ্ট করেন জাহিদ হোসেন। দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটানোর পর আলতো টোকা দিলেই বল জালে যেত; কিন্তু জোরালো শট নিয়ে সুযোগটি হেলায় হারান এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে দুটি সুযোগ নষ্ট হয় মুক্তিযোদ্ধার। মাঝ মাঠের একটু উপর থেকে বল নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে দ্রুত ঢুকে পড়া মোবারক হোসেন ভুইয়ার শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর ফরোয়ার্ড তৌহিদুল আলমের ফ্রি কিক আশরাফুল ইসলাম রানা ফেরালে মুক্তিযোদ্ধার হতাশা আরও বাড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো চট্টগ্রাম আবাহনী। তারিকের কর্নারে রুবেল মিয়ার শট ওপরের বারে লেগে ফেরে। ৭৬তম মিনিটের সুযোগটি আর নষ্ট হয়নি তাদের। জাহিদের বাড়নো বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন হাইতির ফরোয়ার্ড নোয়েল।
দিনের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র।
