আত্মবিশ্বাস নিয়ে ভলফ্সবুর্গের মাঠে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ভলফ্সবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে সম্প্রতি ক্লাসিকো জয় বাড়তি প্রেরণা জোগাবে জিনেদিন জিদানের দলকে।
অন্যদিকে সাম্প্রতিক বাজে পারফরম্যান্স ভলফ্সবুর্গকে খুব সামান্যই আশা দেখাচ্ছে কোনো অঘটনের। ইউরোপ শ্রেষ্টত্বের মঞ্চে অনভিজ্ঞতাও রিয়ালের বিপক্ষে ভোগাতে পারে জার্মানির ক্লাবটিকে।
আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ভলফসবুর্গের মাঠে শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি।
মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল সাম্প্রতিক সময়ে বেশ জ্বলে উঠেছে। লা লিগার শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়া দলটি সবশেষ গত শনিবার লিগে বার্সেলোনার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয় তুলে নেয় তারা।
ওই ম্যাচের শেষ দিকে এক জন কম নিয়ে খেলেও ক্রিস্তিয়ানো রোনালদোর জয়সূচক গোলে স্পেনের শীর্ষ লিগের শিরোপা লড়াইয়ে নতুন করে উত্তেজনার আভাস দেয় রিয়াল।
আর চ্যাম্পিয়ন্স লিগে তো বরাবরই ফেভারিট মাদ্রিদের ক্লাবটি। রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নদের আরও শক্তিশালী করে তুলেছে চোটমুক্ত ‘বিবিসি’ নামে পরিচিত তারকাসমৃদ্ধ আক্রমণভাগ। চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে রোনালদোর পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া; এ পর্যন্ত ১৪ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
এমন দাপুটে এক দলের বিপক্ষে ভলফ্সবুর্গের সম্ভাবনা খুবই কম। এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি। সবশেষ গত শুক্রবার লিগে বায়ার লেভারকুজেনের কাছে ৩-০ গোলে হারে তারা।
প্রতিপক্ষের শক্তি কিংবা নিজেদের দুর্বলতা নিয়ে অবশ্য ভাবছেন না ভলফ্সবুর্গের মার্সেল শাফের। পার্থক্য ভুলে বরং দারুণ কিছু করে দেখানোর চ্যালেঞ্জ জয়ের স্বপ্নে বিভোর এই জার্মান ডিফেন্ডার।
“আমরা জানি, আমাদের সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনি মাঠে যাবেন সফল হতে এবং রিয়ালের বিপক্ষে আমরা এটাই করতে চাই। আমাদের হারানোর কিছু নেই।”
বড় কোনো অঘটন ঘটানোর স্বপ্নে বিভোর ভলফ্সবুর্গকে বড় পরীক্ষা দিতে হবে অবশ্যই রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমাকে আটকাতে। সে পরীক্ষায় উতরালেও রিয়ালের জালে বল পাঠাতে এড়াতে হবে অভেদ্য কেইলর নাভাসের বাধা। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো হজম করেননি কোস্টা রিকার এই গোলরক্ষক।
