২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষের গোলে শুভসূচনা শেখ রাসেলের

শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আরামবাগ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা পেয়েছে মারুফুল হকের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 06:31 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার শেখ রাসেলের দুই গোলদাতা ফিকরু জেইদা ও পল এমিল। আরামবাগের হয়ে গোল করেন কেস্টার আকন।

প্রতিযোগিতাটির ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেলকে চমকে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আরামবাগ। সাজ্জাদুজ্জামান পলাশের থ্রু পাস থেকে রাসেল মাহমুদ লিটনকে পরাস্ত করে নাইজেরিয়ান ফরোয়ার্ড আকন।

দুই মিনিট পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে শেখ রাসেল। আতিকুর রহমান মিশুর ফ্রি-কিক আরামবাগের গোলরক্ষক ও অধিনায়ক মিতুল হাসান বিপদমুক্ত করার আগে বল নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন ইথিওপিয়ার ফরোয়ার্ড ফিকরু।

যোগ করা সময়ে গোলের সুযোগ পায় আরামবাগ। তবে আকন বলের নাগাল পাওয়ার আগেই দৌড়ে এসে বিপদমুক্ত করেন গোলরক্ষক লিটন। ৫১তম মিনিটে নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের ফ্রি-কিক পোস্টে লাগে।

জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি আরামবাগের বিপক্ষে ম্যাচে ছিলেন নিষ্প্রভ। আক্রমণভাগে ফিকরুর সঙ্গে তার জুটিটা জমেনি।

৬৫তম মিনিটে মিশুর বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ফেরান আরামবাগের গোলরক্ষক মিতুল।

আবু সুফিয়ান সুফিলের হাত ধরে ডান দিক থেকে বেশ কয়েকটা আক্রমণ সাজানো আরামবাগের দ্বিতীয়ার্ধের সেরা সুযোগটি নষ্ট হয় ৭৩তম মিনিটে। সুফিয়ানই প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হন। একটু পর বল নিয়ে বক্সে ঢুকেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি এই ফরোয়ার্ড।

৮২তম মিনিটে পল এমিলের গোলে স্কোরলাইন ২-১ করে নেয় শেখ রাসেল। অরূপ বৈদ্যর বাড়ানো বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি আরামবাগের ডিফেন্ডাররা। বক্সের মধ্যে বল পেয়ে এমিলের নেওয়া শট দূরের পোস্টে লেগে ঠিকানা খুঁজে পেলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের দল।