‘মেসি, সুয়ারেস, নেইমার যন্ত্র নয়’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দায় লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া আক্রমণত্রয়ীকে দিতে রাজি নন লুইস এনরিকে। বিশ্বসেরা হলেও এই তিন তারকা ফরোয়ার্ড যন্ত্র নয় বলে উল্লেখ করেছেন বার্সেলোনার কোচ।
নিজেদের মাঠে গত শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে ২-১ গোলে হারে বার্সেলোনা। রিয়ালের করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো গোল করার আগে এনরিকের দলকে এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জেরার্দ পিকে।
আগামী মঙ্গলবার নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনকে মেসি, সুয়ারেস, নেইমারের ক্লাসিকোর পারফরম্যান্স নিয়ে কাতালান ক্লাবটির কোচকে প্রশ্ন করে সাংবাদিকরা।
এনরিকে বলেন, “মেসি, সুয়ারেস ও নেইমার বিশ্বের সেরা। কিন্তু তারা যন্ত্র নয়। আমাদের আক্রমণভাগের খেলোয়াড়রা শীর্ষ পর্যায়ে আছে। কিন্তু এর মানে এই নয়, বার্সেলোনা কখনই হারবে না।”
“আমরা যা অর্জন করেছি তা শুধু তাদের জন্যই নয় অথবা যখন বিষয়গুলো আমাদের পক্ষে যাবে না তখনও তাদের দোষ দেওয়া যাবে না।”
আতলেতিকো ম্যাচের আগে বার্সেলোনার আক্রমণত্রয়ী ভালো অবস্থায় আছে বলে জানান এনরিকে।
রিয়াল ম্যাচে আর্দা তুরানের পারফরম্যান্স নিয়েও সমালোচনা হয়। তবে এনরিকে কোনো একজন খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে হারের দায় দিতে চান না।
