মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু শেখ জামালের
ম্যাচের শুরুর দিকে দুই গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করল শেষ মুহূর্তে টুর্নামেন্টে নাম লেখানো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের গোল দুটি করেন এনামুল হক ও ওয়েডসেন আনসেলমে।
মোহামেডানের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে নবম মিনিটেই এগিয়ে যায় শেখ জামাল। ল্যান্ডিং ডারবোর ক্রসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এনামুল।
সাত মিনিট পর ওয়েডসেনের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করে লিগের শিরোপাধারীরা। এমেকা ডারলিংটনের লম্বা পাস ধরে গায়ের সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলটি করেন হাইতির এই ফরোয়ার্ড।
ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডানের হতাশা আরও বাড়ে দুটি সুযোগ নষ্ট হওয়ায়। উনিশতম মিনিটে মাশুক মিয়া জনির চিপ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পোয়েমি লন্ড্রির হেডও গোললাইন থেকে সেভ করেন ডিফেন্ডার আনিসুর রহমান সুইট।
প্রথমার্ধের শেষ দিকে সেনেগালের ডিফেন্ডার ইয়াইয়াসির শট শেখ জামালের পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে গেলে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান গোলের একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লন্ড্রির হেড লক্ষ্যে থাকেনি। শেষ দিকে ইসমাইল বাঙ্গুরার ক্রস গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করে জনি। ফলে স্বাধীনতা কাপের শুরুটা সুখকর হলো না শিরোপাধারীদের।
