‘ক্লাসিকোর চেয়ে কঠিন বার্সা-আতলেতিকো’
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন জেরার্দ পিকে। এই ম্যাচ ‘এল ক্লাসিকোর’ চেয়ে কঠিন হবে বলে মনে করেন বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার।
নিজেদের মাঠ কাম্প নউয়ে আগামী মঙ্গলবার শেষ আটের প্রথম পর্বের ম্যাচটি বাংলাদেশ সময় পৌনে একটায় খেলতে নামবে বার্সেলোনা।
পিকে বলেন, “মঙ্গলবারের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক দিক থেকে আমরা ভালো অবস্থায় আছি। রিয়ালের কাছে শনিবারের হারের পর আতলেতিকোর বিপক্ষে ভালো পারফরম্যান্স করাটা গুরুত্বপূর্ণ।”
গত শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে নিজেদের মাঠে হারে বার্সেলোনা।
“আমাদের সতর্ক সংকেতের প্রয়োজন নেই। আমরা সবাই জানি, জেতাটা কত কঠিন। আমাদের সামনে কঠিন কাজ আছে। আমরা ট্রেবল জিততে চাই এবং লক্ষ্য অর্জনের আরও কাছে পৌঁছাতে মঙ্গলবার গুরুত্বপূর্ণ আরেকটা পদক্ষেপ নিতে হবে।
তবে কাজটা খুব সহজ হবে না বলেও মনে করেন পিকে।
“এটা এমনকি ক্লাসিকোর চেয়ে কঠিন হবে। কিন্তু শেষে এটা আমাদের উপর নির্ভর করে। দ্রুত বল চারদিকে ঘোরাতে হবে আমাদের। এটা করতে পারলে আমরা অদম্য হতে পারি। এমনকি আমরা ফেভারিট হলেও এটা খুব ভারসাম্যময় একটি কোয়ার্টার-ফাইনাল লড়াই হবে।”
আতলেতিকোকে হারাতে অতীতেও বেশ বেগ পেতে হয়েছে বলে উল্লেখ করে পিকে বলেন, “আমরা গোল করতে চেষ্টা করব। কিন্তু আমরা জানি, তারা একটি বিপজ্জনক দল।”
রিয়ালের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেনি ‘এমএসএন’ নামে পরিচিত লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণত্রয়ী। তবে এই ত্রয়ীর উপর আত্মবিশ্বাস আছে পিকের।
