২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিএসজি চাইলেই পেতে পারে নেইমারকে’

বার্সেলোনায় সুখে থাকলেও পিএসজি চাইলে নেইমারকে পেতে পারে বলে মনে করেন তারকা এই ফরোয়ার্ডের এজেন্ট। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

২০১৮ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বার্সেলোনা। তবে এ বিষয়ে এখনও মতৈক্যে আসতে পারেনি দুই পক্ষ।

এদিকে গুঞ্জন চলছে, ২৪ বছর বয়সী এই তারকাকে পাওয়ার আগ্রহ আছে পিএসজির।

ফ্রান্সের দৈনিক লেকিপকে নেইমারের এজেন্ট ওয়াগনের রিবেইরো বলেন, “বার্সেলোনার সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে নেইমারের। আর সে বার্সেলোনায় খুব ভালোও বোধ করছে। সেখানে সে খুব প্রিয় একজন খেলোয়াড় এবং বিশ্বের সেরা দলের অংশ।…কিন্তু প্যারিসের মতো একটি শহরে বাস করা এবং পিএসজির মতো একটি ক্লাবে খেলা আবার সব খেলোয়াড়ের জন্যই স্বপ্ন।”

“তার চুক্তি শেষ হওয়ার দুই বছর সময়ের মধ্যে কী হয় তা দেখব আমরা। পিএসজি যদি নেইমারকে চুক্তিবদ্ধ করতে আগ্রহ দেখায়, আমরা তাহলে সব সময়ই আলোচনা করতে পারি।”

নেইমারের বাইআউট ক্লজ ১৯ কোটি ৩০ লাখ ইউরো হলেও অর্থ পিএসজির জন্য কোনো ব্যাপার নয় বলেই মনে করেন রিবেইরো।

প্যারিস শহর নেইমার বেশ পছন্দ করেন বলেও জানান তার এজেন্ট। আর পিএসজিতে আছেন নেইমারের ছোট বেলার বন্ধু লুকাস মউরা। ব্রাজিলের এই উইঙ্গার নেইমারকে পিএসজিতে নাম লেখাতে অনুপ্রাণিত করছেন বলে জানান রিবেইরো।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে ২৭ গোল করেন নেইমার।