মার্সিয়ালের গোলে ইউনাইটেডের জয়
ফরাসি ফরোয়ার্ড অন্তনি মার্সিয়ালের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠে রোববার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল পেতে ৫৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ইউনাইটেডকে। বক্সের ভেতর থেকে দেওয়া ডাচ মিডফিল্ডার টিমোথি ফসু-মেনশাহর দারুণ এক পাসে আলতো টোকায় বল জালে জড়ান মার্সিয়াল।
এই জয়ে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৯। রোববার প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারায় তারা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম।
৩১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
