নাপোলির হারে হিগুয়াইনের লাল কার্ড
উদিনেজের কাছে হেরে সেরি আর শিরোপা লড়াইয়ে আরেকটু পিছিয়ে পড়েছে নাপোলি। তারকা ফরোয়ার্ড গনসালো হিগুয়াইনের লাল কার্ড দেখায় হতাশা আরও বেড়েছে দ্বিতীয় স্থানে থাকা দলটির।
নিজেদের মাঠে রোববার নাপোলিকে ৩-১ গোলে হারায় উদিনেজে।
চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে উদিনেজেকে এগিয়ে দেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস।
১০ মিনিট পর নাপোলিকে সমতায় ফেরান ৩০ গোল নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সেরি আর সর্বোচ্চ গোলদাতা হিগুয়াইন।
প্রথমার্ধের যোগ করা সময়ে উদিনেজেকে আবার এগিয়ে দেন ফের্নান্দেস। ৫৭তম মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় তারা।
এই হারের পর ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। শনিবার রাতে মারিও মানজুকিচের একমাত্র গোলে এম্পোলিকে হারানো ইউভেন্তুস ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
রোববার স্তেফান এল শারাউই, এদিন জেকো, আলেসান্দ্রো ফ্লোরেন্তসি ও দিয়েগো পেরোত্তির গোলে লাৎসিওকে ৪-১ ব্যবধানে হারায় এএস রোমা। ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
সাম্পদোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা ফিওরেন্তিনা ৫৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। অন্যদিকে আতালান্তার মাঠ থেকে ২-১ গোলে হেরে আসে এসি মিলান। ষষ্ঠ স্থানে থাকা দলটির পয়েন্ট ৪৯।
