২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে রুখে দিল ফেনী সকার

এগিয়ে গিয়েও স্বাধীনতা কাপে শুভসূচনা পায়নি আবাহনী লিমিটেড। ফেনী সকারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে অমলেশ সেনের দলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:17 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপে আবাহনী ও ফেনী সকারের ম্যাচটি ১-১ ড্র হয়।
 
দুটি সুযোগ নষ্ট করার পর প্রথমার্ধের শেষ দিকে আবাহনীকে এগিয়ে নেন সেনেগালের কামারা। লি টাক বল বাড়িয়েছিলেন নাবীব নেওয়াজ জীবনকে; জাতীয় দলের এই ফরোয়ার্ডের ক্রস থেকেই লক্ষ্যভেদ করেন কামারা।
 
৮৫তম মিনিটে পেনাল্টি গোলে ফেনীকে সমতায় ফেরান চৌমরিন। টাউন ফ্রাঙ্ককে আবাহনীর শাকিল বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় ফেনী।
 
লিগের শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও স্বাধীনতা কাপের শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে দিনের প্রথম ম্যাচটি পিছিয়ে গেছে।
 
এ নিয়ে স্বাধীনতা কাপের সূচিতে দুই বার পরিবর্তন এল। প্রতিযোগিতাটির উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে শেখ জামাল খেলার ইচ্ছা জানালে সূচিতে প্রথম দফা পরিবর্তন এসেছিল।
 
রোববার আবার শেখ জামাল ও মোহামেডানের আবেদনের প্রেক্ষিতে সূচিতে পরিবর্তন এলো আরও একবার। নতুন সূচি অনুযায়ী আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে এই দুই দল।