ওয়াটফোর্ডকে উড়িয়ে আর্সেনালের প্রতিশোধ
ওয়াটফোর্ডের কাছে হেরে এফএ কাপে টানা তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছিল আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দলটিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এর প্রতিশোধ নিল আর্সেন ভেঙ্গারের দল।
নিজেদের মাঠ এমিরেটসে শনিবার আলেক্সিস সানচেসের গোলে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল।
বাঁ প্রান্ত থেকে বক্সের মধ্যে সানচেসের উদ্দেশে মাপা ক্রস করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আলেক্স আইওবি। পাহারায় থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চিলির ফরোয়ার্ডের নেওয়া দারুণ হেডটি ভালোভাবে বিপদমুক্ত করতে পারেননি ওয়াটফোর্ডের গোলরক্ষক। ফিরতি বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি সানচেসের।
গোল পেয়ে যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর্সেনাল। বেশ কিছু ভালো আক্রমণে তারা কোণঠাসা করে ফেলে ওয়াটফোর্ডকে।
চতুর্দশ মিনিটে আইওবির অসাধারণ একটি বাঁকানো শট দুর্দান্তভাবে সেভ করেন ওয়াটফোর্ডের গোলরক্ষক। দুই মিনিট পর আবার ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্সেনাল। অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে যাওয়া মেসুত ওজিল বল দেন ড্যানি ওয়েলবেককে। কিন্তু ইংল্যান্ডের এই ফরোয়ার্ডের শট ওয়াটফোর্ডের এক খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে যায়।
৩৮তম মিনিটে স্কোরশিটে নাম লেখান আইওবি। বক্সের মধ্যে ডানপ্রান্ত থেকে বল বাড়ান সানচেস। আইওবিও সহজেই বল পৌঁছে দেন জালে।
বিরতির পরপরই ব্যবধান ৩-০ করা গোলটি করেন স্পেনের ডিফেন্ডার এক্তর বেল্লেরিন। আর শেষ মুহূর্তে জোয়েল ক্যাম্পবেলের পাস থেকে খুব কাছ থেকে থিও ওয়ালকট লক্ষ্যভেদ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল।
এই জয়ে ৩১ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩১ ম্যাচে ৬৬।
আরেক ম্যাচে বোর্নমাউথকে ৪-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।
শনিবারের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার মাঠ থেকে ৪-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে চেলসি।
