২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সঙ্গে খেলা কঠিনও: তেভেস

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে খেলা মাঝেমধ্যে কঠিন হয়ে পরে বলে জানিয়েছেন তার আর্জেন্টিনা দলের সতীর্থ কার্লোস তেভেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:49 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড়ের ম্যাচ জয়ী মেধার সঙ্গে তাল মিলিয়ে খেলতে প্রায়ই দলের অন্যদের লড়াই করতে হয় বলে মনে করেন বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড কার্লোস তেভেস।

আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তেভেস বলেন, “সাধারণত মেসির সঙ্গে খেলা সহজ। কিন্তু কখনও কখনও এটা খুব কঠিন হতে পারে। কারণ, আমরা সবাই ফুটবল খেলি আর সে সম্পূর্ণ ভিন্ন একটা খেলা খেলে।”

“তার (মেসির) সবকিছুই একদম স্বাভাবিকভাবে আসে,” যোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা ফরোয়ার্ড।

সম্প্রতি শেষ হওয়া চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের আর্জেন্টিনা দলে ছিলেন না তেভেস। তবে আবার দলে ফিরতে পারবেন বলে আশা করেন বোকা জুনিয়র্সের এই ফরোয়ার্ড।

“আমি মনে করি, আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে থাকার ৫০ শতাংশ সম্ভাবনা আছে আমার। আবার আর্জেন্টিনার জার্সি গায়ে তুলতে হলে আমাকে শতভাগ দিতে হবে।”