২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রদ্রিগেসকে নিয়ে রিয়ালের সমালোচনায় ভালদেরামা

কার্লো আনচেলোত্তির চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের সেরা একাদশে অনিয়মিত হয়ে পড়া হামেস রদ্রিগেসের বর্তমান অবস্থায় হতাশ তারই স্বদেশি কার্লোস ভালদেরামা। ভালো ফুটবলারের নিয়মিত মাঠে থাকা উচিত বলে জানান কলম্বিয়ার সাবেক এই তারকা ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

সর্বশেষ ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রদ্রিগেস ২০১৪ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন। স্পেনের সফলতম ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমে ১৭ গোল করা এই তারকা মিডফিল্ডার ২০১৫-১৬ মৌসুমে রিয়ালের খেলা ৩০ লিগ ম্যাচের ১৩টিতে খেলেছেন।

স্বদেশি মিডফিল্ডারের উপেক্ষিত হওয়া নিয়ে রিয়ালের সমালোচনা করেন ভালদেরামা। বর্তমানে রিয়ালের খেলার ছক বুঝতে না পারার কথা জানিয়ে তিনি বলেন, “যখন আনচেলত্তি ছিলেন, তখন রিয়াল অন্য ছকে খেলতো এবং সে ছকে হামেস ছিল গুরুত্বপূর্ণ।”

“আমি জানি না, কেন গত বছর সে (রদ্রিগেস) ভালো ছিল, কিন্তু এ বছর সে সেই মূল্যায়নটা পাচ্ছে না। ভালো ফুটবলারের সবসময় খেলা উচিত।”

বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলা রদ্রিগেস নিজের সামর্থ্যের প্রমাণ এরই মধ্যে দিয়েছে দাবি করে ভালদেরামা জানান, তার মনে হচ্ছে, রিয়ালের বর্তমান ছকটা তার স্বদেশির জন্য মানানসই নয়।