ইউরো জিতলেই অর্থ পুরস্কার নয়ার-মুলারদের
ইউরো-২০১৬ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে গত আসরের মতো এবারও মুলার-নয়ারদের জন্য পুরস্কার ঘোষণা করেছে জার্মানির ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। সংস্থাটি জানিয়েছে, ফ্রান্সের আসরে শিরোপা জিতলে প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো করে ‘বোনাস’ দেওয়া হবে।
আগামী ১০ জুন ফ্রান্সে গড়াবে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ। ১২ জুন ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ইওয়াখিম লোর শিষ্যরা। ‘সি’ গ্রুপে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির অন্য দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ড।
২০১২ সালের ইউরোতেও একই পুরস্কার ঘোষণা করেছিল ডিএফবি। সেবার তৃতীয় হয় জার্মানি। ইতালির কাছে ২-১ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল তারা।
চ্যাম্পিয়ন না হলেও অবশ্য আর্থিকভাবে লাভবান হবে নয়াররা। সেরা আটে উঠলে ৫০ হাজার করে, সেমি-ফাইনালে উঠলে ১ লাখ করে আর ফাইনালে উঠলে দেড় লাখ ইউরো করে পাবেন খেলোয়াড়রা।
ডিএফবির ঘোষণায় উচ্ছ্বসিত জার্মান দলের টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ পুরস্কার প্রসঙ্গে বলেন, “টুর্নামেন্টের আগে এটা দলে শান্তি ও স্বচ্ছতা নিয়ে আসবে। হাতে যে কাজটা আছে, সেটার প্রতি দলের এখন পূর্ণ মনোযোগ দেওয়ার সময়।”
