রাশিয়াকে সহজেই হারাল ফ্রান্স
প্যারিসের জাতীয় স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার পর হওয়া প্রথম ফুটবল ম্যাচে সহজ জয় পেয়েছে ফ্রান্স। প্রীতি ম্যাচে রাশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইউরো ২০১৬ এর স্বাগতিকরা।
গত বছর নভেম্বরে প্যারিসের এই জাতীয় স্টেডিয়ামসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ওই হামলায় প্রাণ হারান ১৩০জন।
গত মঙ্গলবার ছিল ফ্রান্সের দিমিত্রি পায়েত ও এনগুলু কাঁতের জন্মদিন। দুজনেই গোল পেয়েছেন রাশিয়ার জালে। এর মধ্যে অষ্টম মিনিটে ফ্রান্সকে এগিয়ে নেওয়া গোলটি করেন কাঁতে। পায়েত লক্ষ্যভেদ করেন ৬৮তম মিনিটে।
ফ্রান্সের বাকি দুই গোলদাতা আন্দ্রে পিয়েরে জিনিয়াক ও কিংসলে কোমান্দা।
রাশিয়া দুটি গোলই পায় দ্বিতীয়ার্ধে। দলটির দুই গোলদাতা আলেক্সজান্ডার কোকোরিন ও ইউরি জিরকভ।
একই রাতে ইউরোর প্রস্তুতি ম্যাচে নানি ও ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে বেলজিয়ামকে নিজেদের মাঠে ২-১ গোলে হারায় পর্তুগাল।
এদিকে প্রীতি ম্যাচে জেমি ভার্ডির গোলে এগিয়ে গিয়েও ওয়েম্বলিতে নেদারল্যান্ডসের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।
আগের ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে হারের হতাশা কিছুটা হলেও জার্মানি ভুলেছে ইতালিকে উড়িয়ে দিয়ে। টনি ক্রুস, মারিও গোটসে, ইয়োনাস হেক্টর ও মেসুত ওজিলের গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
