২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে গিয়েও ডাচদের কাছে ইংল্যান্ডের হার

জার্মানির বিপক্ষে দারুণ জয় পাওয়া ইংল্যান্ড নেদারল্যান্ডসের সঙ্গে পেরে উঠেনি। লন্ডনের ওয়েম্বলির প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও ডাচদের কাছে ২-১ গোলে হেরেছে রয় হজসনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 03:09 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

এই জয়ে ইংল্যান্ডের ওপর আধিপত্য ধরে রাখল নেদারল্যান্ডস। দুই দলের গত সাত ম্যাচের পরিসংখ্যানে ইংল্যান্ডের কোনো জয় নেই, নেদারল্যান্ডসের জয় চারটি, বাকি তিন ম্যাচ ড্র।

গত মঙ্গলবার রাতের ম্যাচে স্মরণ করা হয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ইয়োহান ক্রুইফকে। গত ২৪ মার্চ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন নেদারল্যান্ডসের এই কিংবদন্তি।

৪১তম মিনিটে কাইল ওয়াকারের ক্রস পেয়ে যান নেদারল্যান্ডসের গোলমুখে থাকা জেমি ভার্ডি। লেস্টার সিটির এই ফরোয়ার্ডের সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি। ইংল্যান্ডও এগিয়ে যায় ১-০ গোলে। রয় হজসন অধীনে এটি ইংল্যান্ডের ১০০তম গোল।

৫০তম মিনিটে ভিনসেন্ট ইয়ানসেনের পেনাল্টি গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। ডি-বক্সের মধ্যে ইংল্যান্ডের ড্যানি রোজের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আর ৭৭তম মিনিটে লুসিয়ানো নারসিংহের গোল ডাচদের জয় এনে দেয়।