২ দিন পেছাল স্বাধীনতা কাপ ফুটবল
শেখ জামাল ছেড়ে যাওয়া আট ফুটবলারের অন্য ক্লাবে খেলার উপর নিষেধাজ্ঞা আসার পর পিছিয়ে গেছে ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অনিবার্য কারণে’ ২০১৫-১৬ মৌসুম শুরুর এই আসর ২ দিন পিছিয়ে মাঠে গড়াবে আগামী শুক্রবার।
চট্টগ্রাম আবাহনী ও ঢাকা মোহামেডানের ম্যাচ দিয়ে বুধবার শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের দাবি অনুযায়ী ক্লাব ছেড়ে চলে যাওয়া তাদের ৮ ফুটবলারকে ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এ নিয়ে রুল জরি করে খেলোয়াড়দের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) গত সোমবার নির্দেশ দেয় হাইকোর্ট।
শেখ জামালের দাবি ‘চুক্তি ভেঙে’ সর্বশেষ দলবদলের সময় ক্লাব ছেড়েছেন আট ফুটবলার। এদের মধ্যে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধূরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসান যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে।
শেখ রাসেল ক্রীড়া চক্রে চলে গেছেন জামাল ভুইয়া ও শেখ আলমগীর কবির রানা। নতুন ঠিকানা হিসেবে গোলরক্ষক শহিদুল আলম সোহেল বেছে নিয়েছেন ঢাকা আবাহনীকে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার পেশাদার লিগ কমিটি জরুরি সভায় বসে স্বাধীনতা কাপ পেছানোর সিদ্ধান্ত নেয়।
স্বাধীনতা কাপের শিরোপাধারী মোহামেডানের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।
‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি, সকার ক্লাব, রহমতগঞ্জ এমএফএস ও আরামবাগ ক্রীড়া চক্র।
শেখ জামাল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।
