ভালো খেলার প্রতিশ্রুতি চট্টগ্রাম আবাহনীর স্লোভাক কোচের
বাংলাদেশের ফুটবল সম্পর্কে খুব একটা জানা-শোনা নেই; মাত্র দুই দিনে চট্টগ্রাম আবাহনীর শিষ্যদেরও খেলার ধরন, সামর্থ্য-দুর্বলতা সে অর্থে বুঝে ওঠা হয়নি ইয়োসেফ পাভলিকের। তবে স্লোভাকিয়ার এই কোচ আশাবাদী কণ্ঠে জানিয়েছেন, তার অধীনে বন্দরনগরীর দলটি আগামী মৌসুমে ভালো ফুটবলই উপহার দেবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নতুন কোচ পাভলিককে পরিচয় করিয়ে দেয় চট্টগ্রাম আবাহনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন দল নিয়ে লক্ষ্য, পরিকল্পনার কথা জানান উয়েফা ইউরো ‘এ’ লাইসেন্সধারী এই কোচ।
“ফরমেশন নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায়। এ মুহূর্তে সেটা গুরুত্বপূর্ণও নয়। গুরুত্বপূর্ণ হলো, আমি অনেক বিষয় চেষ্টা করব, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেব সর্বোচ্চ সাফল্য পাওয়ার জন্য। আমার লক্ষ্য ভালো খেলা এবং সফল হওয়া। ভালো খেলা মানে, রক্ষণে যেমন ভালো করা, আক্রমণেও তেমনি ভালো করা।”
লক্ষ্য জানালেও বাংলাদেশের ফুটবল সম্পর্কে জানা-শোনার কমতি থাকার কথা স্বীকার করেন ৪৩ বছর বয়সী এই কোচ, “এখানে আমি দীর্ঘদিন আসিনি। এই দেশ, এখানকার ফুটবল, মানুষ এবং এখানকার সংস্কৃতি সম্পর্কে তাই শুরুতে অনেক বেশি জানতে চাই। মাত্র দুই দিন হলো চট্টগ্রাম আবাহনীর সঙ্গে কাজ করছি। এখানে ভালো মানুষ আছে, তারা আমাকে শুরু থেকে অনেক সহযোগিতা করছে।”
‘সারা বিশ্বে ফুটবলের ভাষা এক হওয়ায়’ মাত্র দুই দিনেই চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন বলে দাবি ২০০৫ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করা পাভলিকের। সে ধারণা থেকে জাতীয় দলের একাধিক ফুটবলার নিয়ে গড়া চট্টগ্রাম আবাহনীর খেলায় কিছু ফাঁকফোকরও চোখে পড়েছে তার।
“এখানকার লিগ, অন্য ক্লাব সম্পর্কে ভালো ধারণা পেয়েছি। দুই দিনের অনুশীলনে দেখেছি খেলোয়াড়রা কিভাবে নিজেদের প্রস্তুত করে। দলের ভালো সম্ভাবনা দেখেছি আমি। তবে আমাদের আরও উন্নতি করা দরকার।”
“চট্টগ্রাম আবাহনীর কোচ হতে পেরে আমি ভাগ্যবান। এখানকার লিগ ও লিগের ক্লাবগুলো সম্পর্কেও ভালো কথা শুনেছি। কিন্তু কেবল বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের লিগই কঠিন। আমি সব দল, সব খেলোয়াদের তাই সমীহ করি।”
চট্টগ্রাম আবাহনীর সঙ্গে আপাতত আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি পাভলিকের। মাসিক পারিশ্রমিকের অঙ্কটা অবশ্য কোনো পক্ষই জানাতে রাজি হয়নি।
স্লোভাকিয়ার ঘরোয়া লিগের দল এফসি নিট্রার বয়সভিত্তিক দলের হয়ে ২০০৫ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন পাভলিক। চট্টগ্রাম আবাহনীর দেওয়া তথ্য অনুযায়ী স্লোভাকিয়া, লিবিয়া, গ্রিসের প্রিমিয়ার লিগে সহকারী কোচ ও প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
সর্বশেষ ২০০১৫-১৬ মৌসুমে স্লোভাকিয়ার প্রিমিয়ার লিগের দল ভায়োন জ্লাতে মোরাভসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন পাভলিক।
তবে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিনের আশা পাভলিকের কোচিংয়ে ইউরোপের ফুটবলের গতি, টেকনিক চট্টগ্রাম আবাহনীর খেলায় প্রতিফলিত হবে। তাতে উপকৃত হবে জাতীয় দলও।
