৬ বছরে কথা হয়নি মেসি-মারাদোনার
গত ৬ বছরে দিয়েগো মারাদোনার সঙ্গে কথা হয়নি বার্সেলোনা তারকা লিওনেল মেসির। তবে আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচের সঙ্গে সম্পর্ক বেশ ভালো বলে জানিয়েছেন দেশটির তারকা এই ফরোয়ার্ড।
২০১০ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। সেবার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মেসি বলেন, “লম্বা সময় আমাদের কথা হয়নি, ২০১০ সালের পর থেকে আমাদের হয়ত দুই-এক বার দেখা হয়েছে।”
পাঁচবারের বর্ষসেরার পুরস্কার জেতা মেসিকে তার ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই মারাদোনার সঙ্গে তুলনা করে আসছে মানুষ। তবে আর্জেন্টিনার হয়ে কিছু জিততে না পারায় সমালোচনাও সইতে হচ্ছে বার্সেলোনার ফরোয়ার্ড মেসিকে।
আর্জেন্টিনা ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ জেতে মারাদোনার অধিনায়কত্বে।
