প্যারাগুয়েকে নিয়ে সতর্ক ব্রাজিল
প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক দুঙ্গা। তবে ‘কঠিন’ এই দলের বিপক্ষেও পুরো তিন পয়েন্ট তুলে নেওয়াতেই মনোযোগ ব্রাজিল কোচের।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল পৌনে সাতটায় শুরু হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ষষ্ঠ রাউন্ডের ম্যাচটি।
এ ম্যাচে ব্রাজিল পাচ্ছে না অধিনায়ক নেইমার আর পিএসজির ডিফেন্ডার দাভিদ লুইসকে। উরুগুয়ের সঙ্গে গত শনিবার ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার ও লুইস।
দুঙ্গা বলেন, “আমাদের জিততে হবে। আমাদের জন্য প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ।… প্রত্যেকটি ম্যাচই কঠিন।”
বাছাইপর্বের পাঁচ রাউন্ড শেষে দুদলের পয়েন্টই ৮। তবে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্টও সমান ৮। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে একুয়েডর।
