নতুন ক্লাবে খেলা আটকে গেল মামুনুলসহ ৮ ফুটবলারের
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ছেড়ে যাওয়া আট ফুটবলার আপাতত তাদের নতুন দলে খেলতে পারছেন না। ক্লাবটির দাবি অনুযায়ী তাদের ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এ নিয়ে রুল জরি করে খেলোয়াড়দের নতুন ক্লাবে খেলার অনুমতি না দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
শেখ জামালের করা রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ সোমবার বাফুফেকে এ নির্দেশ দেন।
শেখ জামালের দাবি ‘চুক্তি ভেঙে’ সর্বশেষ দলবদলের সময় ক্লাব ছেড়েছেন আট ফুটবলার। এদের মধ্যে মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধূরী, ইয়ামিন মুন্না, সোহলে রানা ও রায়হান হাসান যোগ দিয়েছেন চট্টগ্রাম আবাহনীতে।
শেখ রাসেল ক্রীড়া চক্রে চলে গেছেন জামাল ভুইয়া ও শেখ আলমগীর কবির রানা। নতুন ঠিকানা হিসেবে গোলরক্ষক শহিদুল আলম সোহেল বেছে নিয়েছেন ঢাকা আবাহনীকে।
শেখ জামালের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবি ইউসুফ হোসেন হূমায়ুন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
কাজল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইকোর্ট রুল দিয়েছেন, এই আট খেলোয়াড়কে শেখ জামালে ফিরিয়ে না দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না। চার সপ্তাহের মধ্যে বাফুফেসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।”
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আট খেলোয়াড়কে শেখ জামাল ছাড়া অন্য কোনো ক্লাবে খেলানোর অনুমতি না দিতে বাফুফের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশ পেয়ে আট ফুটবলার ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদী শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।
“হাইকোর্টের সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে, আমরা যে দাবি করেছিলাম, সেটাই ঠিক। আশা করি, বাফুফে হাইকোর্টের নির্দেশের প্রতি সম্মান জানাবে এবং আমাদের খেলোয়াড়দের ফেরত দেবে।”
হাইকোর্টের নির্দেশনা প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমি এখনও জানি না। হাইকোর্টের নির্দেশনা পেলে আমাদের আইনজীবীর সঙ্গে বিষয়গুলো নিয়ে বসব এবং পরবর্তী করণীয় ঠিক করব।”
