প্রিমিয়ার লিগে থাকতে আগ্রহী পেল্লেগ্রিনি
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাতে যাওযা কোচ মানুয়েল পেল্লেগ্রিনি প্রিমিয়ার লিগেই থাকতে চান। প্রয়োজনে ইংল্যান্ডের বড় চারটি ক্লাবের বাইরের কোনো দলের দায়িত্ব নিতেও প্রস্তুত চিলির এই কোচ।
এ মৌসুম শেষে ইতিহাদ স্টেডিয়ামের দল সিটির দায়িত্ব নিবেন বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলা।
২০১৩-১৪ মৌসুমে সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো পেল্লেগ্রিনিকে ইউরোপের বিভিন্ন দেশের বেশ কয়েকটি ক্লাব পেতে আগ্রহী। কিন্তু ৬২ বছর বয়সী এই কোচ ইংল্যান্ডেই থাকতে চান।
গণমাধ্যমের খবর, পেল্লেগ্রিনিকে পেতে আগ্রহী লন্ডনের ক্লাব চেলসি ও স্পেনের ক্লাব ভালেন্সিয়া। তবে তুলনামূলক ছোট কোনো ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী তিনি।
২০০৪-২০০৯ পর্যন্ত ভিয়ারিয়ালকে কোচিং করানোর পর রিয়াল মাদ্রিদে যোগ দেন পেল্লেগ্রিনি। মাদ্রিদের ক্লাবটিতে এক বছরের দায়িত্ব শেষে স্পেনেরই আরেক ক্লাব মালাগায় যোগ দেন। তিন বছর পর বর্তমান ক্লাব সিটির দায়িত্ব নেন।
ছোট দলে যাওয়ার ইচ্ছা প্রসঙ্গে পেল্লেগ্রিনি স্মৃতি হাতড়ে বলেন, “আমার সব সময় মনে থাকবে, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আমার অনেকগুলো সুযোগ ছিল। বিষয়টা আসলে নির্ভর করে কোচের মানসিকতার উপর, আর তাই আমি মালাগাকে বেছে নিয়েছিলাম। কারণ তাদের প্রকল্পটা ভালো ছিল। আপনি যেখানে যাচ্ছেন, ক্লাবটি বড় না ছোট, এটা কোনো ব্যাপার নয়।”
